প্রাচ্যের রাণী চট্টলা। তারই উত্তর পূর্বে অবস্থিত রাউজান উপজেলা। যে উপজেলা বহু প্রতিভাবান জ্ঞানীর জন্মস্থান হিসেবে খ্যাত। এই উপজেলার গহিরা গ্রামে দানবীর ও নারী শিক্ষার পুরোধা ধর্মপ্রাণ শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ জন্ম গ্রহণ করেন। স্বীয়প্রচেষ্টায় নারী শিক্ষা প্রসারের জন্য কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রতিষ্ঠা করে এক অমর অক্ষয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তখন এ অঞ্চলে প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন পর্যাপ্ত সুযোগ ছিল না। বিশেষ করে নারী শিক্ষার। নারী শিক্ষার সুযোগ না থাকায় নূতন চন্দ্র সিংহ তাঁর একমাত্র কন্যাকে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পারেননি। এটা তাঁর মনকে ভীষণ ব্যথিত করে তুলেছিলো। আর সে ব্যথিক মনেই এক সময় জন্ম নিল নারী শিক্ষা আলোকবর্ত্তিকা প্রজ্জ্বলনের। ১৯৬০ সনে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যামন্দির। উত্তর চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশে নারী শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে ও নৈপুন্য প্রদর্শন করে চলেছে।
